জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ করবেন না। তাঁর এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না।’
মনি আরও বলেন, ‘অনেক কাজ দিয়েছি। সেসব কাজ শুরু হবে। কিন্তু যদি দেখি দলীয় প্রার্থী জয়ী হননি, তাহলে ওই ইউনিয়নে সত্যিই আমি কাজ করব না।’
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি সন্তান ভূমিষ্ঠ হতে ১০ মাস সময় লাগে। আর আমরা ক্ষমতায় বসেছি পাঁচ মাস হলো। এর মধ্যেই বলা হচ্ছে, গ্যাস দাও, বিদ্যুৎ দাও, নইলে গদি ছেড়ে দাও।’
বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে এক লাখ কোটি টাকার বেশি অর্থ পাচার হয়েছে।’ এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি মন্তব্য করেন।
অনলাইন ডেক্স 






















