ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের কাছ থেকে কেনা একটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনা ঘটেছে সম্প্রতি, যখন একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র বিমানটির দিকে দ্রুত ধেয়ে আসছে এবং বিমানটিতে আগুন ধরে যাচ্ছে।
সৌদি আরবের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলো যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের অস্ত্র চুক্তির আওতায় কেনা হয়েছে। ‘প্রজেক্ট সালাম’ নামের একটি চুক্তির অধীনে ৭২টি যুদ্ধবিমান কেনার জন্য সৌদি আরবের খরচ হয়েছিল আনুমানিক ৪৪৩ কোটি পাউন্ড।
যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক শিক্ষক স্টিভেন ওয়াগনার ভিডিওটি বিশ্লেষণ করে বলেন, বিমানটি ইউরোফাইটার টাইফুন বলেই মনে হচ্ছে, তবে এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, ভিডিওর শুরুতে কিছু বিস্ফোরণের মতো দেখা গেলেও বড় ধরনের বিধ্বংসী আঘাত দেখা যায়নি।
এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সাউদার্ন জায়ান্টস ব্রিগেডের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুথিরা প্রথমবারের মতো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তরে হামলা চালিয়েছে, যেখানে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইয়েমেন সরকার জানিয়েছে, এই হামলায় দুই নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন, তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য অক্ষত রয়েছেন। কর্মকর্তারা এই হামলাকে একটি ব্যর্থ হত্যাচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
অনলাইন ডেক্স 
























