ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে যাচ্ছেন বলিউড অভিনেতা ইমরান খান। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার আদালতে আবেদন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জরুরি শুনানির জন্য আবেদন জানানো হবে। ইমরান খানের পক্ষে মামলা পরিচালনা করবেন এমজেডএম লিগ্যাল এলএলপির আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নায়েক। আবেদনটি মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।
১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন ইমরান খান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা ওই কর্মসূচি পালন করেন। বিক্ষোভের পর ইমরানকে আটক করা হয়।
বিজেপি নেতা কিরিট সোমাইয়া ইমরানের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হয়ে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘন করেছেন। পুলিশ অভিযোগটি এফআরআরওতে পাঠানোর পর ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
ভারতের ওসিআই প্রকল্পের আওতায় কার্ডধারীরা আজীবন ভিসা ও দেশটিতে বসবাসের সুযোগ পান, তবে তাদের রাজনৈতিক অধিকার নেই। ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বিদেশিদের ভারত ছাড়ার নির্দেশ দিতে পারে। ইমরান খানের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি আদালতে যাচ্ছেন।
অনলাইন ডেক্স 
























