ঢালিউড সিনেমায় পা রাখলেন ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব। ‘আরএনএআর’ খ্যাত এই ইউটিউব ব্যক্তিত্ব সিনেমা সমালোচক হিসেবে পরিচিত। এবার তিনি চিত্রনাট্য লেখার মাধ্যমে সিনেমা নির্মাণে যুক্ত হচ্ছেন। সিনেমাটিতে অভিনয় করবেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। নির্মাণের দায়িত্বে রয়েছেন হিমেল আশরাফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিব ও নির্মাতা হিমেল আশরাফ এ বিষয়ে পোস্ট করেছেন। হিমেল আশরাফ তার পোস্টে উল্লেখ করেন, “সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়।” তিনি জানান, রাকিব তার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন “মহব্বত” সিনেমার মাধ্যমে।
রাকিবের চিত্রনাট্যে সিনেমাটি কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো নায়িকার নাম ঘোষণা করেননি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিনেমা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‘মহব্বত’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। নতুন সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।
অনলাইন ডেক্স 
























