রংপুরের পীরগাছা উপজেলায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন কল্যাণী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘শকুনের কবলে পীরগাছা বিএনপি, দলীয় স্বেচ্ছাচারিতার অবসান চাই, গঠনতন্ত্র ও জবাবদিহি ফিরিয়ে চাই’ বলে অভিযোগ করেন।
তৌহিদুল ইসলাম দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছার নয়টি ইউনিয়নের মধ্যে তাঁর ইউনিয়নে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। কিন্তু সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁর ইউনিয়নের নেতাদের সুপারিশ উপেক্ষা করা হয়েছে।
তিনি জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জন নেতার সুপারিশ থাকা সত্ত্বেও অন্য একজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে। তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, যোগ্যতা ও দলীয় সুপারিশের পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, তিনি দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
অনলাইন ডেক্স 























