সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা এবং স্বজনপ্রীতির কারণে দেশে সারের সঙ্কট তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে বিদ্যমান সরকারি নীতিমালা মানা হয়নি এবং রাজনৈতিক বিবেচনায় যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অনিয়ম করা হয়েছে।
তিনি জানান, জেলা পর্যায়ে গঠিত কমিটিতে রাজনৈতিক কারণে তিনজনকে মনোনীত করায় যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে। টাকার বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগও করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সার সঙ্কট নিয়ে সরকার জাতিকে অসত্য তথ্য দিয়েছে এবং গত ছয়-সাত মাসে সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ডিলার নিয়োগে অনিয়ম তদন্ত করে দায়ীদের শাস্তি দেয়া এবং সার সঙ্কট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের সাথে মাঠপর্যায়ের পরিস্থিতির অসংগতি যাচাই করা।
অনলাইন ডেক্স 






















