বাংলাদেশ রেলওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে প্রযুক্তির সাহায্য নিচ্ছে। ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলকভাবে তিনটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে এই রুটে ৫০টিরও বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিশেষ করে রামু, ইসলামাবাদ, ডুলাহাজারা, চকরিয়া ও হারবাং এলাকায় এসব ঘটনা বেশি ঘটে। পাথরের আঘাতে যাত্রীরা গুরুতর আহত হচ্ছেন এবং ট্রেনের জানালার কাচ ভেঙে যাচ্ছে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের ওয়াশপিটে পর্যটক এক্সপ্রেসের বগির দুই পাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করা এবং এ ধরনের ঘটনা প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।
যাত্রী শাহিদুল আলম বলেন, পাথর নিক্ষেপের কারণে যাতায়াতের সময় আতঙ্কে থাকতে হয়। ফরহাদ হোসেন জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি জনসচেতনতা জরুরি।
রেলওয়ের কর্মকর্তারা জানান, সিসিটিভি ক্যামেরার স্থাপন ইতিবাচক ফল দিচ্ছে। গত এক সপ্তাহে কোনো জানালার কাচ ভাঙার ঘটনা ঘটেনি। তারা আশা করছেন, পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও এ প্রযুক্তি ব্যবহার করা হবে।
অনলাইন ডেক্স 
























