বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ২০২১ সালে প্রণীত ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা পরিবেশ অধিদপ্তরের দক্ষতা ও সমন্বয়ের অভাবে বাস্তবায়িত হচ্ছে না।
বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস ২০২৬ উপলক্ষে টিআইবি ও WEEE Society Bangladesh-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান আরও জানান, দেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাব রয়েছে, যা সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তিনি বর্তমান সরকারের প্রতিটি জেলায় ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৪১টি জেলায় প্রায় ১ লাখ ৫০ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট অবস্থায় রয়েছে, এবং এসব ইভিএমের ব্যবস্থাপনা বা পুনর্ব্যবহারে কার্যকর কোনো উদ্যোগ নেই।
বিশ্বজুড়ে পালিত আন্তর্জাতিক ই-বর্জ্য দিবসে উল্লেখ করা হয়, ২০২২ সালে বিশ্বে ৬ কোটি ২০ লাখ টন ই-বর্জ্য তৈরি হয়েছে। বাংলাদেশেও পুরোনো ও অকেজো ইলেকট্রনিক পণ্যের পরিমাণ বাড়ছে। ২০১৬ সালে দেশে ই-বর্জ্যের পরিমাণ ছিল ৩ লাখ ১০ হাজার টন, যা ২০১৮ সালে বেড়ে ৪ লাখ টনে পৌঁছেছে।
অনলাইন ডেক্স 






















