বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে দেশে আরেকটি এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে আরেকটি এক-এগারো সৃষ্টি হবে। আরেকটি এক-এগারো সৃষ্টি হলে আপনারা ক্ষমতায় আসবেন, সেই স্বপ্ন দেইখেন না।’ তিনি প্রধানমন্ত্রীকে সফল বলে বিশ্বাস করেন এবং জামায়াতে ইসলামীর প্রতি সহযোগিতার আহ্বান জানান।
তিনি রাজনৈতিক দলগুলোর অবস্থানের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে যে দল ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেছিল, তারাই এখন ফ্যামিলি কার্ডের জন্য এলাকায় ছুটছে।
রাশেদ খাঁন বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে কেউ ব্যর্থ করতে পারবে না।
অনলাইন ডেক্স 
























