জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়। তবে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন। ২০১৯ সালে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকে বাংলাদেশ তা পায়নি। তিনি ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে নতুন চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি দাবি করেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন করতে হবে এবং অভিন্ন নদীগুলোর যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম বলেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সত্ত্বেও দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারছে না।
আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি সরকারের বিরুদ্ধে কিছু বলেননি, বরং ফেনী নদী নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি জানান এবং খুনিদের মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর দেখতে চান।
অনলাইন ডেক্স 
























