দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ৪৮ জনের বিরুদ্ধে ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলায় চার্জশিট অনুমোদন করেছে। বুধবার (৭ অক্টোবর) কমিশনের সভায় এই চার্জশিট দুটি অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, নওশেরুল ইসলামের মালিকানাধীন নেচার এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ৪৫ কোটি টাকা ঋণের আবেদন করা হলেও ৩৪ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
তদন্তে নতুন করে সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় পি কে হালদারসহ মোট ২৮ জনকে আসামি করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেচার এন্টারপ্রাইজকে নামসর্বস্ব ও কাগুজে প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলায় চার্জশিট অনুমোদন করা হয়েছে। এই মামলায় ৫৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
দুদক জানায়, পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে অন্তত ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। ২০২২ সালের ১১ মে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
অনলাইন ডেক্স 





















