নাটোরে পুত্রবধূর বালতির আঘাতে সাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুত্রবধূ লাইলী বেগম ওরফে কলি (৩৫) তার দুই বছরের শিশুসন্তানকে নিয়ে পালিয়ে গেছেন।
নিহত সাহেরা বেগম ওই এলাকার মৃত মন্টু মিয়ার স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সাহেরা বেগমের সঙ্গে তার পুত্রবধূ লাইলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাইলী স্টিলের বালতি ও বল দিয়ে শাশুড়ির মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন।
নিহতের নাতনি সুমাইয়া আক্তার জানান, ঝগড়ার আওয়াজ পেয়ে তিনি বাইরে এসে দাদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত শাশুড়ির চিকিৎসা করাতে মা লাইলীকে ঘরে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে সাহেরা বেগমকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
অনলাইন ডেক্স 

























