শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) কলম্বোয় তাঁর বাসভবন থেকে ৭৩ বছর বয়সী এই সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
শিরান্থি রাজাপাকসের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি শিশু হাসপাতালের জন্য বিশেষায়িত স্ক্যানার ক্রয়ের নামে সংগৃহীত ১ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) আত্মসাৎ করেছেন। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, হাসপাতালটির জন্য ওই স্ক্যানারটি চীন সরকার বিনামূল্যে প্রদান করেছিল, ফলে সংগৃহীত অর্থ অন্যত্র ব্যবহার করা হয়েছে।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার দেশে ফেরেন শিরান্থি। গ্রেপ্তার এড়াতে তিনি আদালতে আগাম আবেদন করেছিলেন, যার শুনানির দিন ছিল ১২ অক্টোবর। তবে বুধবার তাঁকে হেফাজতে নেয়া হয়।
শিরান্থি রাজাপাকসে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগে দাবি করেছেন, দাতব্য সংস্থার সমস্ত অর্থ সুরক্ষিত রয়েছে এবং কোনো ধরনের জালিয়াতি হয়নি।
শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নতুন করে শুরু হয়েছে। চলতি বছরের শুরুতে তাঁদের ছেলে নামাল রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়। এবার সাবেক ফার্স্ট লেডির গ্রেপ্তার রাজাপাকসে পরিবারের ওপর আইনি চাপ বাড়িয়েছে।
অনলাইন ডেক্স 























