সৌদি আরবের জুবাইল শহরে এক ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. সজিব (২৫) নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
সজিবের সহকর্মী আল আমিন মুঠোফোনে তার নিহতের বিষয়টি দেশে থাকা পরিবারকে নিশ্চিত করেছেন। নিহতের খবর বাগড়া গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সজিবের বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব প্রবাসে গিয়ে পরিবারের অভাব-অনটন দূর করতে চেয়েছিলেন। কিন্তু এই আকস্মিক হামলায় তার অকাল মৃত্যুতে পরিবারের আশা-ভরসার আলো নিভে গেছে। সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন জানান, সজিবের অকাল মৃত্যু পুরো এলাকার জন্য বেদনাদায়ক। তিনি বলেন, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 

























