কুমিল্লার লাকসাম উপজেলা প্রেসক্লাবের পাঁচ সদস্যের কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের নির্দেশনা নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
সোমবার প্রকাশিত তালিকায় মুজিবুর রহমান দুলালকে সভাপতি, মো. নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, তমিজ উদ্দিন আহম্মদ চুন্নুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক এবং এম. এ জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের কারণ হিসেবে বলা হয়েছে, লাকসামে একাধিক প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন থাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। এমপি আবুল কালামের নির্দেশে এই কমিটি গঠনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা এবং প্রকৃত গণমাধ্যমকর্মীদের মান-মর্যাদা রক্ষার লক্ষ্যে কাজ করা হবে।
তবে সাংবাদিক নেতারা এমপির নির্দেশনায় প্রেসক্লাবের কমিটি গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এই ধরনের হস্তক্ষেপকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন।
নবগঠিত লাকসাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, এমপি আবুল কালাম বলেছেন, তিনি আংশিক কমিটি দিয়েছেন এবং আইনপ্রণেতা হিসেবে নতুন এসেছেন।
অনলাইন ডেক্স 

























