কিশোরগঞ্জ প্রতিনিধি
দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান, আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’
তিনি বলেন, ‘আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।’
দেশে গণতন্ত্র নস্যাৎ করতে ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলা করে ফ্যাসিবাদ ভেঙে দেওয়া হয়েছে। কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
সাম্প্রতিক সময়ে দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ইয়াসের খান বলেন, যারা দুটি বাস পুড়িয়ে বা কোনো চক্রের মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করতে চায়, তাদের সতর্ক হতে হবে। প্রয়োজনে তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
বিচারের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই বিচারের আহ্বানে আপনারা আসবেন।’
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা দেশে ঐক্যবদ্ধ রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনলাইন ডেক্স 






















