চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হাসান হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। তার স্ত্রী সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। নবজাতককে এনআইসিইউতে নেওয়ার পর হাসানের স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে ভর্তি হন। এ সময় ওষুধ কিনতে হাসপাতালের নিচে নামলে ডিবি পরিচয় দেওয়া কয়েকজন তাকে গ্রেপ্তার করে। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর হাসানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাসানকে হাসপাতাল থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর বলেন, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে তারা ডিবির পরিচয়পত্র দেখান। তবে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সোমবার রাতে হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
অনলাইন ডেক্স 
























