জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। তারা একই সঙ্গে অভিযোগ করেছেন যে, তানভীরকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে যাওয়া এবং ভোরে ফিরিয়ে আনার ঘটনা ঘটেনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, তানভীরের অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে এবং নিশ্চিত হয়েছেন যে, তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি।
তানভীর ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় এবং ১৫ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তানভীর অভিযোগ করেন যে, তাকে কারাগারে চিকিৎসার নামে অজ্ঞাত ওষুধ এবং ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে।
বগুড়া কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে জানায়, কারাগারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা তানভীরের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন।
অনলাইন ডেক্স 





















