পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী মো. আজম খান (৫০) ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার পর স্থানীয় ব্যক্তিরা তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে ভাঙচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে, যার ফলে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাণ্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়।
আজম খানের মা মোসা. মমতাজ বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
অনলাইন ডেক্স 
























