কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করছেন বাংলাদেশি প্রযুক্তিবিদ ও গবেষক মো. নাঈমুল আহসান। তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. নাঈমুল আহসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসান এবং সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ফরিদা আহসানের সন্তান। ২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে সাইবার নিরাপত্তায় মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তার গবেষণার অন্যতম বিষয় ওপেন ব্যাংকিংয়ে তৃতীয় পক্ষের এপিআই ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি এবং এর সঙ্গে পরিচালনাগত ক্ষতির সম্পর্ক। এছাড়া ডিপ লার্নিং, সরবরাহ চেইন পূর্বাভাস, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণ নিয়েও তার গবেষণা রয়েছে।
নাঈমুল একটি যৌথ গবেষণা প্রকল্পে যুক্ত রয়েছেন, যা প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপনায় ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার কাঠামো তৈরি করতে কাজ করছে। তিনি পেশাগত জীবনে বাংলাদেশে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নাঈমুল আহসানের ভবিষ্যৎ লক্ষ্য নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের প্রসার এবং উদীয়মান সাইবার হুমকি মোকাবিলা করা। তিনি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে কাজ করছেন।
অনলাইন ডেক্স 
























