স্মার্টফোন চার্জে রেখে ঘুমানো একটি সাধারণ অভ্যাস, তবে এটি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ব্যবহারকারী উদ্বিগ্ন যে ফোন পুরোপুরি চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জারে রাখলে ব্যাটারির ক্ষতি হতে পারে। আধুনিক স্মার্টফোনে সাধারণত এই সমস্যা দেখা দেয় না।
বর্তমান স্মার্টফোনগুলোতে চার্জিং ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। উদাহরণস্বরূপ, আইফোনে ১০০ শতাংশ চার্জ হলে চার্জিং বন্ধ হয়ে যায়। স্যামসাংসহ অন্যান্য আধুনিক অ্যান্ড্রয়েড ফোনেও একই ধরনের ব্যবস্থা রয়েছে। ফলে রাতভর চার্জে রাখার ফলে ব্যাটারি ‘ওভারচার্জ’ হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
তবে, ১০০ শতাংশ চার্জ অবস্থায় ফোন দীর্ঘ সময় রাখা ব্যাটারির স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারির স্বাভাবিক ক্ষয় হয় এবং দীর্ঘ সময় পুরো চার্জ অবস্থায় থাকার ফলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়তে পারে।
অনেক আধুনিক ফোনে চার্জ সীমিত রাখার সুবিধা রয়েছে, যেমন গুগল পিক্সেলের ‘অ্যাডাপটিভ চার্জিং’ এবং স্যামসাংয়ের ‘ব্যাটারি প্রটেকশন’। চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক, তবে অতিরিক্ত তাপ ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে। তাই, আধুনিক স্মার্টফোনে রাতভর চার্জে রাখা সাধারণভাবে নিরাপদ, তবে ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো রাখতে চার্জ সীমিত করার সুবিধা ব্যবহার করা যেতে পারে।
অনলাইন ডেক্স 
























