স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আইনগত বিধি স্পষ্ট করা হয়েছে। তিনি উল্লেখ করেন, লোকাল গভর্নমেন্ট আইনে বলা আছে যে, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রে বা স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য।
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য কিছু বিধি নির্ধারণ করেছে। সেখানে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা একাধিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।
নির্বাচন কমিশন, স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা একত্রিত করে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা সম্পর্কে সিদ্ধান্ত নেবে। যদি আইনগত কোনো মতামতের প্রয়োজন হয়, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান মীর শাহে আলম।
অনলাইন ডেক্স 
























