ভারতে চলমান ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানও নৈশভোজে উপস্থিত ছিলেন না।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের জন্য এ নৈশভোজের আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন।
শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছানোর পর ব্রিকস সম্মেলনে অংশ নেন এবং পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। তবে ক্লান্তির কারণে তিনি নৈশভোজে অংশ নেননি বলে জানা গেছে।
নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকস জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এতে অংশ নেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান। এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও নৈশভোজে অংশ নেন।
ব্রিকস সম্মেলন রোববার (১৩ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে, যেখানে ১১ সদস্য দেশের নেতা ও ১০টি অংশীদার দেশের নেতাদের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
অনলাইন ডেক্স 

























