ঢাকায় ‘এআই, স্কিলস অ্যান্ড গ্লোবাল বিজনেস কনক্লেভ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় ইন্টারন্যাশনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এআই, অটোমেশন, ভবিষ্যৎ কর্মবাজার এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সম্মেলনে আইপিডি, AAA Finance & Investment Ltd., Edupro UK এবং Association of International Accountants (AIA) এর মধ্যে একটি চতুর্পক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে এআই ও অটোমেশনের প্রসারের ফলে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটছে। এ পরিস্থিতিতে সরকারি ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য।
সম্মেলনে জাতিসংঘের ডিআরআর ফেলো মো. মানসুরুল হক, টেলিকম ভিএএস অগ্রদূত মুজতবা সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন এবং অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ অংশ নেন। আন্তর্জাতিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন AIA-এর প্রধান নির্বাহী ফিলিপ টার্নবুল এবং অধ্যাপক মোহাম্মদ ফয়সাল আহাম্মাদ।
আইপিডির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফেরদৌস মাজিদ বলেন, দক্ষতা উন্নয়নকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয়ের বিনিয়োগ হিসেবে দেখতে হবে। চুক্তির আওতায় বিশেষায়িত দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে এআই, ফিনটেক এবং টেকসই উন্নয়ন কৌশল অন্তর্ভুক্ত থাকবে।
অনলাইন ডেক্স 
























