বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধন পুনরায় পর্যালোচনার আবেদন জানিয়েছে। রবিবার (২৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এই আবেদন করেন দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
মিঠুন চৌধুরী জানান, বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধনের জন্য একাধিকবার আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের ১৯ মার্চ কমিশন এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা জানায়। বর্তমান বাস্তবতা ও বিশেষ পরিস্থিতির কারণে পুনরায় পর্যালোচনার আবেদন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আবেদনে তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন আইনগত প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা করা হয় এবং এসব মামলার কারণে তাকে প্রায় পাঁচ বছর বিনা বিচারে কারাগারে থাকতে হয়েছে।
মিঠুন চৌধুরী আরও জানান, তার রাজনৈতিক ও দলীয় কার্যালয় তছনছ করা হয়, যার ফলে বিভিন্ন সাংগঠনিক নথি ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। মামলা থেকে মুক্তির পরও বিভিন্ন ধরনের চাপ ও প্রতিকূলতার কারণে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
আবেদনের সঙ্গে তিনি দাবি করেন, তার রাজনৈতিক হয়রানি ও কারাবাসের বিভিন্ন ঘটনা জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এসব সংবাদপত্রের প্রতিবেদন ও ছবির কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























