ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ জোরদারের পদক্ষেপকে মার্কিন সামরিক পরাজয়ের স্বীকারোক্তি হিসেবে উল্লেখ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা সামরিক ক্ষেত্রে ব্যর্থতার একটি ‘নীরব স্বীকারোক্তি’। তিনি উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্রে সফল হতো, তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না।
মোহেবি আরও বলেন, ইরানের জন্য অর্থনৈতিক চাপ নতুন কিছু নয়, কারণ ৪৭ বছর ধরে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে বিভিন্ন ধরনের ধারণা ও জনমত তৈরি করার কথা উল্লেখ করেন।
আইআরজিসির মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় তাদের পৃথক পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইরান অর্থনৈতিক যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করছে।
মোহেবি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ এড়িয়ে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তেহরানের কৌশল রয়েছে এবং এর ফল শিগগিরই দৃশ্যমান হবে।
অনলাইন ডেক্স 























