যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফেডারেশন ও অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, তারা আর বিদেশে কোচ সেজে ভ্রমণ করতে পারবেন না। রোববার (২৩ আগস্ট) বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচ হিসেবে কেবল সেই ব্যক্তিকে পাঠানো হবে, যিনি সারা বছর খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদকদের কোচ হিসেবে বিদেশে যাওয়ার প্রবণতাকে অশোভনীয় বলে উল্লেখ করেন।
এ সময় তিনি শুটিং ফেডারেশনের এক কর্মকর্তাকে ক্যাম্প ডিরেক্টর হিসেবে পাঠানোর ঘোষণার পর প্রশ্ন তোলেন, কেন তাকে পিস্তল কোচ হিসেবে দেখানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের কোচ বানিয়ে পাঠানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের মানসিকতা নিয়ে লড়াই করতে হবে এবং যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সেরা পারফর্মারদের এশিয়ান গেমসের দলে অন্তর্ভুক্ত করতে হবে।
এছাড়া, খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য স্থায়ী কোচ নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্টেডিয়ামপাড়ার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেন এবং প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে পরিবেশের পরিবর্তন আনতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান।
অনলাইন ডেক্স 
























