রোববার (১৬ আগস্ট) রাতে রাজধানীর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে অপারেশন জ্যাকপট যোদ্ধাদের স্মৃতিচারণ ও বীরবরণ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রেগরোভিচ খোজিন বিশেষ সম্মান জানান। তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে ডুবন্ত জাহাজ ও মাইন অপসারণ করতে গিয়ে জীবন হারানো সেনা ইউরি রেডকিনকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতের বক্তব্য পড়ে শোনান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক আলেক্সান্দ্রিয়া ক্লেভনয়। স্মৃতি একাত্তর ও রাশিয়ান হাউজের আয়োজনে 1971OUrPRIDE এর সহায়তায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নৌ কমান্ডোরা তাদের বীরত্বের গল্প তুলে ধরেন। তারা জানান, ১৯৭১ সালের ১৫ অগাস্ট রাতে অপারেশন জ্যাকপটের সংকেত পেয়ে তারা অভিযানে নেমেছিলেন।
অপারেশন জ্যাকপট আগস্টের ১৫ ও ১৬ তারিখে একসঙ্গে চার জায়গায় পরিচালিত হয়েছিল, যেখানে চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত ছিল। নৌ কমান্ডোদের নেতৃত্বে পাকিস্তানি জাহাজসহ অন্যান্য দেশের জাহাজ ডুবিয়ে সমুদ্রবন্দর ও নৌ বন্দর অকেজো করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, ইউরি রেডকিনকে সম্মাননা প্রদান ও অপারেশন জ্যাকপটে সংকেত হিসেবে ব্যবহৃত দুটি গান পরিবেশন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান জানান, এই আয়োজনের লক্ষ্য হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের জলবীরত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জীবিত বীরদের অভিজ্ঞতা জানা। তিনি রাশিয়ান রাষ্ট্রদূতকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনলাইন ডেক্স 























