যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে আবারও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন তিনি, তবে কিছুদিন পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।
বর্তমানে ট্রাম্প ইরান যুদ্ধের কারণে চাপের মুখে রয়েছেন। এ অবস্থায় মাস্ক নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন, যা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পপন্থী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য 'আমেরিকা প্যাক' (America PAC) পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন মাস্ক।
২০১৮ সালে এই সংগঠনটি রিপাবলিকানদের পক্ষে প্রচারে ২৬০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিল। এবার পরিকল্পনায় ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য ব্যাপক প্রচারণার ওপর জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে প্রচার, ডিজিটাল বিজ্ঞাপন এবং ডাকযোগে প্রচারণা পরিচালনা করবে আমেরিকা প্যাক।
বিশেষ করে রক্ষণশীল ভোটারদের লক্ষ্য করা হবে, যারা সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের বাইরের বছরগুলোতে ভোট দিতে কম আগ্রহী। তাদের ভোটদানে উৎসাহিত করাই হবে এই প্রচারণার মূল উদ্দেশ্য।
মাস্কের এই উদ্যোগে কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে তার প্রতিনিধিরা কোনো নির্দিষ্ট তথ্য দেননি। তবে ২০২৪ সালের নির্বাচনে তার বড় অঙ্কের অর্থায়নের নজির বিবেচনায় বিশ্লেষকদের ধারণা, এবারও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হতে পারে।
অনলাইন ডেক্স 






















