বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছেন মো. শাখাওয়াত হোসেন। তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও এবং এই পুরস্কারটি তাঁর কপিরাইটপ্রাপ্ত বুদ্ধিবৃত্তিক সম্পদ “শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন”-এর জন্য দেওয়া হয়।
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ ১৬টি বিভাগে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
শাখাওয়াত হোসেন বলেন, “এই পুরস্কারটি 'সিক্স কন্ট্রোল পয়েন্টস' উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” তিনি জানান, এই ফ্রেমওয়ার্কটি সারা দেশে হসপিটালিটি খাতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।
২৫ বছরেরও বেশি পেশাদার অভিজ্ঞতা নিয়ে শাখাওয়াত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির নেতৃত্ব দিচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন এবং বর্তমানে পিএইচডি করছেন। তাঁর পূর্ববর্তী স্বীকৃতির মধ্যে রয়েছে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৪ এবং আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫।
অনলাইন ডেক্স 

























