নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. সৈয়দ ইসলাম (৫০) কে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুয়াজ্জিন সৈয়দ ইসলাম যখন আজান শুরু করেন, তখন হঠাৎ আজান বন্ধ হয়ে যায়। আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে গিয়ে দেখতে পান তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। কে বা কারা তাকে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন মুয়াজ্জিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানিয়েছেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। থানা পুলিশ প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে এবং ভিকটিমের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























