ভোলার আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার (সিএনজি অটোরিকশা) চলাচল বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা সড়ক আইনের কঠোর বাস্তবায়নের দাবি জানান।
সমিতির নেতারা অভিযোগ করেন, মহাসড়কে সিএনজি ও অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং এতে প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ঘটছে। তারা বলেন, সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করছে, কিন্তু ভোলায় সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
নেতারা জানান, ভোলা-ইলিশা থেকে দক্ষিণ আইচা পর্যন্ত ১০৯ কিলোমিটার সড়কে বাস চলাচলের জন্য বৈধ রুট পারমিট রয়েছে। তবে বিগত সরকারের সময় ভোলা বিআরটিএ থেকে প্রায় এক হাজার সিএনজির রুট পারমিট অনুমোদন দেওয়া হয়, যা বিআরটিএর নীতিমালার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, সিএনজির রুট পারমিটে চলাচলের স্পষ্ট নির্দেশনা নেই এবং বিআরটিএর ২০২৪ সালের নীতিমালায় মহাসড়কে সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকর হচ্ছে না। তারা জেলা প্রশাসন ও সিএনজি মালিকদের সঙ্গে বৈঠক হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি বলে অভিযোগ করেন।
সমিতির নেতারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সহ-সভাপতি হাসান মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সেলিমসহ অন্যান্য নেতারা।
অনলাইন ডেক্স 






















