টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের পর প্রধান অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর বৃহস্পতিবার মধ্যরাতে পৌরসদরের পোষ্টকামুরী দক্ষিণপাড়া এলাকার কাদেরের বাড়ির সংলগ্ন লৌহজং নদীর পাশের একটি জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম নয়নী রাজবংশী, তিনি রাজবংশী উপজেলার আন্ধরা মাঝিপাড়া গ্রামের মৃত মরণ রাজবংশীর স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, ২১ জুলাই রাতে নয়নীকে বাড়ি থেকে কথা বলার অজুহাতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত রবিউল। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করে। অভিযুক্ত রবিউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রবিউল ওই নারীকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার মধ্যরাতে নয়নীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মেয়ে টুম্পা রাজবংশী তার মায়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি জানান, রবিউলের পারিবারিক কলহের কারণে তিনি সন্দেহ করতেন যে, তার মা রবিউলের স্ত্রীর কানপড়া দিচ্ছেন, এই ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
অনলাইন ডেক্স 























