গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পরিচালিত আদালত এ রায় দেন। অভিযুক্ত মো. রাকিব (৩৪) মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন, যা আইনবিরোধী।
তদন্তে জানা যায়, মেয়েটি ‘মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের’ ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার জন্ম নিবন্ধন যাচাই করে জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ পাওয়া যায়, যা আইনি বয়সের অনেক নিচে।
এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। আদালত অভিযুক্ত মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বাধা দেয়। প্রশাসন এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে।
অনলাইন ডেক্স 






















