নাটোরের সিংড়া উপজেলায় মহিষ কিনে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে গিয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের সোনাপুর এলাকার 'জামালের মোড়' নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বহুত আলীর ছেলে শহিদ হোসেন (৪৮) এবং একই গ্রামের আছের উদ্দিনের ছেলে আব্দুল রশিদ (৫৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শহিদ ও রশিদ রাজশাহীর সিটি হাটে মহিষ কেনার জন্য যান।
হাটে মহিষ পছন্দ হওয়ার পর তা কিনে একটি ভটভটিতে করে তারা গুরুদাসপুরের কুমারখালীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভটভটিটি সিংড়ার সোনাপুর এলাকার জামালের মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি সড়কের ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুল রশিদ মারা যান।
এ সময় ভটভটিতে থাকা শহিদ হোসেন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয় এবং তিনিও মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মহিষবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
অনলাইন ডেক্স 






















