কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা নতুন গানচিত্র নিয়ে হাজির হয়েছেন। বৃহস্পতিবার রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘মন দাও’-এর ভিডিও। গানটির কথা লিখেছেন এমডি জামাল হোসেন। এতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সজীব দাস। একই সঙ্গে গানটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি। ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। আর এতে মডেল হিসেবে দেখা গেছে অলংকর চৌধুরীকে।
নতুন গান প্রসঙ্গে কণা বলেন, 'খুবই মিষ্টি একটা গান। এখন তো বিশ্বকাপের জোয়ার, তার পরও শ্রোতারা গানটি শুনছেন। ভালো সাড়াও পাচ্ছি। সজীবের সুরে আগেও গান করেছি। গীতিকার জামাল ভাই দারুণ লিখেছেন। ভিডিওটাও বেশ ভালো হয়েছে।'
কণার ভাষ্য, গানটির কথা, সুর ও উপস্থাপনা—সব মিলিয়ে এটি শ্রোতাদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও গানটি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে।
বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় কণা। চলচ্চিত্র, অডিও অ্যালবাম এবং একক গানে নিজের স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় ‘মন দাও’ গানটিও তাঁর নতুন সংযোজন। নির্মাতাদের প্রত্যাশা, মিষ্টি কথামালা, সুর ও মনোরম ভিডিওচিত্রের সমন্বয়ে গানটি দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জন করবে।
অনলাইন ডেক্স 























