বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিং থেকে দূরে সরে যাননি। তিনি আসন্ন সিনেমা ‘রাকা’র কাজ করছেন, যেখানে তিনি অ্যাকশন দৃশ্যেও অংশগ্রহণ করছেন।
ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা প্রতিদিনই ‘রাকা’–এর শুটিং করছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে শুটিং শেষ করার লক্ষ্যে তিনি রাতের শিফটেও কাজ করছেন এবং শারীরিকভাবে কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন।
ছবির একটি সূত্র জানায়, দীপিকা মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে ছবির কাজ শেষ করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি কঠিন অ্যাকশন দৃশ্যগুলো সফলভাবে শেষ করছেন এবং সেটে তার নিষ্ঠা সবার জন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন ছবি। এতে দীপিকার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে, যদিও নির্মাতারা এখনও চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করেননি।
দীপিকা পাড়ুকোনের জন্য অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করা নতুন নয়। প্রথম সন্তানের সময়ও তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ ও ‘সিংগাম অ্যাগেইন’ সিনেমার ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন।
অনলাইন ডেক্স 
























