বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বেড়েছে।
মন্ত্রী সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক দূর এগিয়ে গেছে। তিনি সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া, ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে কর শিথিল রাখা হয়েছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছেন এবং ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নেও সরকার এগিয়ে যাচ্ছে।
অনলাইন ডেক্স 




















