দেশে কোনো কার্গো এয়ারলাইন্স না থাকাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আক্ষেপ প্রকাশ করলেও, সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ফুল-সার্ভিস ও লো-কস্ট—দুই ধরনের এয়ারলাইন্স চালু করার লক্ষ্যে কাজ করছে।
রোববার (১৯ জুলাই) রাতে কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশে কোনো কার্গো এয়ারলাইন্স নেই—এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এতে দেশের কানেক্টিভিটি সীমিত হয়ে যাচ্ছে।’
২০১৪ সালে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের মধ্যে ২০টি দেশের ৩০টি গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে তারা।
আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২৭ সালের মধ্যে তাদের বহরে ২১টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে। তিনি বলেন, ‘আমাদের বহরের গড় বয়স প্রায় ১০ বছর, যা আন্তর্জাতিক মানের।’
বর্তমানে ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা মিলিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে প্রায় ৭৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। সংস্থাটি প্রতিদিন প্রায় ৯৪টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে এবং মাসে প্রায় ৩,৫০০টি ফ্লাইট পরিচালনা করে।
অনলাইন ডেক্স 






















