ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির প্রথম তিন দিনে বিশ্বজুড়ে প্রায় ২৫৭.৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার কোটি টাকারও বেশি। এই আয় দিয়ে নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয় হয়েছে।
‘দ্য ওডিসি’ উদ্বোধনী আয়ের দিক থেকে নোলানের পূর্ববর্তী সিনেমা ‘ওপেনহাইমার’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-কে ছাড়িয়ে গেছে। উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ১২৫ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৩২.৮ মিলিয়ন ডলার।
বক্স অফিস বিশ্লেষকরা সিনেমাটির সাফল্যের পেছনে আগাম টিকিট বিক্রির রেকর্ড, আইম্যাক্সে হাউসফুল প্রদর্শনী এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াকে উল্লেখ করেছেন।
ভারতের বক্স অফিসেও ‘দ্য ওডিসি’ ভালো করছে। বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি ২২ কোটি রুপি নেট আয় করেছে, যা প্রথম দিনের ১৭.৪ কোটি রুপি থেকে ২৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৯.৪ কোটি রুপি।
হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ম্যাট ডেমন ওডিসিয়াস চরিত্রে, টম হল্যান্ড টেলেম্যাকাস চরিত্রে, অ্যান হ্যাথাওয়ে পেনেলোপের ভূমিকায় এবং রবার্ট প্যাটিনসন অ্যান্টিনোয়াস চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শার্লিজ থেরন, লুপিতা নিয়ঙ্গ’ও, জেন্ডায়া, জন বার্নথাল, হিমেশ প্যাটেল, জন লেগুইজামো ও মিয়া গোথ।
অনলাইন ডেক্স 
























