ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও দোষীদের দ্রুত শনাক্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। শিক্ষার্থীরা “বিচার বিচার চাই সাজিদ হত্যার বিচার চাই; সাজিদের রক্ত বৃথা যেতে দেব না” সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, গত বছর ১৭ জুলাই সাজিদ হত্যাকাণ্ড ঘটলেও এখন পর্যন্ত কোনো রহস্য উন্মোচন হয়নি। তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং প্রশাসনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আমরা সাজিদ আব্দুল্লাহ’র নামে হল বা স্থাপনা নির্মাণের দাবি জানিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।” সাজিদের বাবাকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত বছরের ১৭ জুলাই বিকেলে শাহ ক্যাম্পাসে আজিজুর রহমান হলের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফরেনসিক রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বর্তমানে এই মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন।
অনলাইন ডেক্স 























