খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই ঘটনার নিন্দা জানান।
মঞ্জু বলেন, এই কর্মকাণ্ডটি ‘অসম্মানজনক ও বিদ্বেষমূলক’ এবং তিনি সেখানে আবারও রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকার ঘোষণা দেন। তিনি জানান, কেসিসি বিকৃত ছবিটি নতুনভাবে আঁকার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে আমরা দেয়ালে খুলনার অতীত ঐতিহ্য, উন্নয়ন ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকেছি। কিন্তু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনাকে আমাদের কাছে হিংস্রতা বলে মনে হয়েছে।’
শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দেওয়ার বিষয়টি লক্ষ্য করেন। প্রতিকৃতির দুই পাশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামে দুটি পোস্টারও লাগানো ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ওই ঘটনার তদন্ত করছি। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
অনলাইন ডেক্স 























