ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। আলোচক হিসেবে ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি থেকে আমাদের প্রধান অর্জন জাতীয়তাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদ দর্শনের সৃষ্টি হয়েছিল।”
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনন্য ভূমিকা পালন করেছিলেন।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, “৭ নভেম্বর সাধারণ সৈনিকদের পাশাপাশি জনগণও রাস্তায় নেমে আসে। ইতিহাসে এ ঘটনা ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ হিসেবে পরিচিত।”
অনলাইন ডেক্স 
























