ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে থাকবেন।
গত মাসে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে বরখাস্ত করা হলো।
বরখাস্ত হওয়ার পর ম্যাককালাম হতাশা প্রকাশ করে বলেন, ‘অবশ্যই আমি ভীষণ হতাশ। এই দায়িত্বটা আমি দারুণ উপভোগ করেছি। তবে সিদ্ধান্তটাকে সম্মান করি।’ তিনি জানান, এখন তার মনোযোগ থাকবে সাদা বলের দিকে।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ম্যাককালাম বেন স্টোকসের সঙ্গে মিলে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা করেন। তার আক্রমণাত্মক ক্রিকেট দর্শনকে ‘বাজবল’ নামে ডাকা হয়। তবে শেষ ৯ টেস্টের ৭টিতে পরাজয়ের পর তার কোচিং নিয়ে সমালোচনা বৃদ্ধি পায়।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড মার্চ মাসে ম্যাককালামের পাশে দাঁড়ালেও, তিন টেস্ট পর তারা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গুল্ড বলেন, ‘ব্রেন্ডন ইংল্যান্ডের টেস্ট দলে নতুন প্রাণ সঞ্চার করেছিল এবং আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ।’
অনলাইন ডেক্স 























