নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়ায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) এবং তার বড় ভাই ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান (৬০)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান চালায়। এ সময় তারা দুই ভাইকে গ্রেফতার করে।
একাধিক সূত্রে জানা যায়, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের আস্থাভাজন। অন্যদিকে, হাবিবুর রহমান সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
অনলাইন ডেক্স 

























