সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন উপলক্ষে সংবাদ প্রকাশ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করেছে। এনসিপির এই অবস্থানের বিরুদ্ধে সাংবাদিক ডেভিড বার্গম্যান মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, এনসিপি প্রমাণ ছাড়াই ফৌজদারি অপরাধের অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে বিবেচনা করছে।
বার্গম্যান তার ফেসবুক পোস্টে আসাদুজ্জামান নূরের কারাবন্দী থাকার পেছনে প্রমাণের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সঙ্গে এনসিপির অবস্থানের মিল রয়েছে।
এনসিপি সম্প্রতি মাছরাঙা টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা দাবি করেছে, আসাদুজ্জামান নূর আন্দোলনকারীদের হত্যা ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কারাগারে রয়েছেন।
বার্গম্যান বলেন, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তিনি উল্লেখ করেন, নূরের বিরুদ্ধে অভিযোগপত্রে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো তথ্য নেই।
এনসিপির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান নূরকে ফ্যাসিবাদের সাংস্কৃতিক স্তম্ভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বার্গম্যান এই বক্তব্যের সমালোচনা করে বলেন, এতে নূরের দীর্ঘ অভিনয়জীবনের ইতিহাস উপেক্ষা করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















