শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন বাণিজ্য মেলার মাঠে অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে দিয়ে মাঠ চাষ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) সকালে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়, যা গবেষণার মাঠ উদ্ধারের দাবিতে চলমান আন্দোলনের অংশ।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা চত্বরে সমবেত হয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় খামারের দুটি ট্রাক্টর নিয়ে বিক্ষোভ মিছিল করে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যান। সেখানে তারা মেলার অবশিষ্ট স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেন এবং পরে ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করেন।
শিক্ষার্থীরা জানান, মাঠটিতে সচিবালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তীব্র বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, এই মাঠ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সম্পদ নয়, বরং রাজধানীর এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সবুজ এলাকা।
আন্দোলনকারী শিক্ষার্থী রাফিউর রহমান রুহান বলেন, ‘ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে এই এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। মাঠটি আমাদের বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এখানে সবুজায়ন বজায় রাখাই এই অঞ্চলকে বাঁচানোর একমাত্র উপায়।’
মেলার আয়োজক কমিটির দীর্ঘসূত্রিতা ও গাফিলতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, সরকারি সিদ্ধান্তে মেলা স্থগিত হওয়ার পর আয়োজক কমিটি এক দিনের মধ্যে স্থাপনা সরানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছি।’
অনলাইন ডেক্স 





















