ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘অসমে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’ এই মন্তব্যটি তিনি কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে করেছেন।
রোববার (২ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন। এর আগে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে রাহুল গান্ধীর কড়া বক্তব্যের পর পাল্টা আক্রমণে নামেন হিমন্ত।
হিমন্ত বলেন, ‘বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।’ তিনি আরও বলেন, আসামে এলে তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।
কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন হিমন্ত। তার দাবি, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে এবং কংগ্রেস ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে পরাজিত হচ্ছে।
এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিরোধী জোট। সেখানে রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন এবং তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন।
অনলাইন ডেক্স 






















