জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাতে ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) হোসেন আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর হোসেন আলীকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কারের বিষয়ে মো. মোখলেছুর রহমান মামুন বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে দলের নাম ব্যবহার করে কেউ ছাড় পাবে না।
অনলাইন ডেক্স 

























