বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের ঘটনায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলেছে। সংগঠনটি জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া পিএসসিতে কোনো দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
রোববার (১৮ অক্টোবর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। তারা রাজনৈতিক স্বার্থে পিএসসিকে ব্যবহার করা হলে ছাত্র-জনতা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে নেতারা পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের আকস্মিক পদত্যাগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ৫৪ বছরের ইতিহাসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, যা মেধাভিত্তিক নিয়োগব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।
ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, পিএসসির শীর্ষ নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে। তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে আরও বলা হয়, একজন মন্ত্রী পিএসসির সদস্যদের ডেকে রাজনৈতিক সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করার ইঙ্গিত দিয়েছেন, তবে ওই মন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। ছাত্রশিবিরের নেতারা পিএসসিকে স্বাধীন, নিরপেক্ষ ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 






















